ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাভারে কারখানার সন্ধান

পোশাক কারখানার আড়ালে জাল টাকা তৈরি

পোশাক কারখানার আড়ালে জাল টাকা তৈরি
×

জাল টাকা ও মাদকসহ গ্রেপ্তার তিনজন। ছবি-সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৪ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ মে ২০২৩ | ০৫:২৯

সাভারের একটি বন্ধ পোশাক কারখানা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ প্রায় কোটি টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানাটির মালিকসহ তিনজনকে আটক করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি মদ, ইয়াবা ও বিয়ার জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার সাউথ বেঙ্গল অ্যাপারেলস কারখানায় অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ।
আটকরা হলেন কারখানাটির মালিক বরিশালের মুলাদি থানার ডিগ্রিরচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সাখাওয়াত হোসেন, টাকা তৈরির কারিগর একই থানার বয়াতিকান্দি রাগুয়া কাজিরচর গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন ও শরীয়তপুরের গয়াধর গ্রামের আল ইসলামের ছেলে সুজন মিয়া।

জাল টাকার কারখানায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন। তিনি সাংবাদিকদের জানান, তৈরি পোশাক কারখানার আড়ালে দীর্ঘদিন জাল টাকা ছাপানোর কারখানা পরিচালনা করে আসছিলেন মো. সাখাওয়াত হোসেন। আসন্ন কোরবানির ঈদে গরুর হাট সামনে রেখে তাঁরা ব্যাপক পরিসরে জাল নোট তৈরির কাজ করছিলেন।

গতকাল সকালে বাজারে জাল টাকা দিয়ে লিচু কিনতে যান কারখানাটির মালিক সাখাওয়াত। এ সময় জাল টাকা শনাক্ত হওয়ায় তাঁকে আটক করেন জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা তৈরির কারখানার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে সাভারের সাধাপুরে অবস্থিত তাঁর মালিকানাধীন পোশাক কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং প্রিন্টিং অবস্থায় ৫০ লাখেরও বেশি নোট জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ঈদ সামনে রেখে ঢাকা জেলা পুলিশ জাল টাকা তৈরি ও বাজারজাতকারী চক্র ধরতে তৎপর রয়েছে। এরই মধ্যে বিশাল পরিসরের জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত এক কর্মকর্তার পরামর্শে কারখানাটির মালিক নিজেই জাল টাকা ছাপার কাজ করছিলেন। তাঁদের সঙ্গে অনেকেই জড়িত।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্‌ ও ট্রাফিক-উত্তর) আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×