নেমেছে পানি, রাঙামাটির ঝুলন্ত সেতু উন্মুক্ত
ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০০
পানি নেমে যাওয়ায় এক সপ্তাহ পর খুলে দেওয়া হয়েছে রাঙামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি। শনিবার দুপুর থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। গত শুক্রবারও সেতুর পাটাতন ছুঁইছুঁই পানি ছিল।
পর্যটক আকর্ষণের জন্য ১৯৮৪ সালে রাঙামাটি শহরের দুটি পাহাড়ের মাঝখানে ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় গত ২৯ আগস্ট সেতুটি তলিয়ে যায়।
হ্রদে পানির উচ্চতা কমলেও গত শুক্রবার সেতুটির পাটাতন ছুঁইছুঁই পানি ছিল। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এদিন পর্যটন কর্তৃপক্ষ সেতু উন্মুক্ত করেনি। শনিবার দুপুরের দিকে পাটাতন থেকে পানি পুরোপুরি নেমে যায়। পরে কিছু প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্ন করে এটি উন্মুক্ত করে দেওয়া হয়।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আরও ভারী বৃষ্টিপাতে হ্রদের পানি বাড়লে ঝুলন্ত সেতু ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি আধুনিকমানের সুউচ্চ সেতু নির্মাণে ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই নতুন ঝুলন্ত সেতুর কাজ শুরু করা হবে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে হ্রদের পানি ধীরে ধীরে কমছে। বাঁধের গেট থেকে আরও এক ফুট কমিয়ে দেওয়া হয়েছে। পানি আরও কমে আসলে গেট বন্ধ করে দেওয়া হবে।
- বিষয় :
- রাঙামাটি