ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ নিয়ে গালাগাল 

গ্রেপ্তার সিফাতকে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী বলছে পুলিশ

গ্রেপ্তার সিফাতকে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী বলছে পুলিশ
×

সিফাত আব্দুল্লাহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৫

অসহনীয় লোডশেডিং ও ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল নিয়ে সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করে গ্রেপ্তার গাজীপুরের যুবক সিফাত আব্দুল্লাহকে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী বলছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিয়ে আলোচনা-সমালোচনা হওয়ায় এখন তাকে সেই মামলায় আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার আটকের পর শুক্রবার দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরদিন শনিবার তাকে স্থানান্তার করা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

মহানগরের গাছা থানার ওসি গোলাম রাব্বানী সন্ধ্যায় সমকালকে জানান, গত চার-পাঁচ মাস ধরেই সিফাত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। ছাত্রলীগের সক্রিয় সদস্য সিফাতের নেতৃত্বে বড় একটা ঝটিকা মিছিলের প্রস্তুতিও চলছিল। শুধু তাই নয়, পুরো খরচ বহন করছিল সে। এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান অভিযোগ করে বলেন, সিফাত আব্দুল্লাহ এনসিপি ও ইনকিলাব মঞ্চের সমর্থক। বিএনপি, ছাত্রদল এবং পুলিশ মিলে মব করে এই ছেলেকে ধরে থানায় নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার ও পুলিশ ভয়ের রাজত্ব কায়েম করছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার গুলমাইজ গ্রামের সিকান্দার শিকদারের ছেলে সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় নিজস্ব বাড়িতে মা ও বোনের সঙ্গে বসবাস করেন। তার খালু জিলানী বলেন, সিফাতের বাবা দুবাইয়ে আছেন। তিনি খুবই অসুস্থ। এ অবস্থায় অসহনীয় লোডশেডিংয়ের ভোগান্তি সঙ্গে ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের বোঝায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সিফাত। আগে তার বাড়িতে বিদ্যুৎ বিল কম আসত, লোডশেডিং বাড়ার সঙ্গে সঙ্গে বিলও বেড়ে গেছে।

তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিশ্চিত করেছে, সিফাত আব্দুল্লাহর বাড়িতে কোনো বাড়তি বিল হয়নি।

পল্লী বিদ্যুতের বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম আহসান কবীর বলেন, শনিবার সকালে সিফাতের বাড়িতে বিশেষ টিম পাঠিয়ে মিটার পরীক্ষা করা হয়। কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য পল্লী বিদ্যুৎ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

আরও পড়ুন

×