ভারত থেকে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি, ৫ জন কোয়ারেন্টাইনে
ফাইল ছবি
যশোর অফিস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০২:৩৬
করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ সেদেশে আটকে পড়া আরও ৩৯ বাংলাদেশি শনিবার বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। এদিন সকাল থেকে বেলা ১২টা নাগাদ ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সেরে তারা এপারে আসেন। তবে এদের মধ্যে ৫ জনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদের রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে তাদের কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটাতে হবে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।
কোয়ারেন্টাইনের আওতায় আনা ভারতফেরত এই পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন ক্যান্সারের রোগী। ক্যান্সারের চিকিৎসার জন্য তারা দেড় থেকে দু’মাস আগে ভারতে গিয়েছিলেন। বাকি দু’জন বেড়াতে গিয়ে ভারতে আটকা পড়েন। এদের মধ্যে দু’জন গোপালগঞ্জের বাসিন্দা। বাকিদের বাড়ি যশোর, মাগুরা ও খুলনা জেলায়।
বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, বিশেষ ব্যবস্থায় দেশে ফেরা পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। এদের মধ্যে পাঁচজনের দেহে অতিরিক্ত তাপমাত্রা থাকায় কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে এদিন ভারত থেকে আসা ৩৯ জনের বাকিদের দেহে উচ্চতাপমাত্রা বা করোনাভাইরাসের অন্য কোনো লক্ষণ না পাওয়া গেলেও তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষাকালে তাদের হাতে বিশেষ চিহ্নিতকরণ লাল সিল দেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারত থেকে আসা এসব পাসপোর্টযাত্রীদের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে। তাদের জেলায় সেগুলো পাঠিয়ে দেওয়া হবে।
মোদি সরকার ভারতে ‘জনতার কারফিউ’ ঘোষণা দিলে ১৩ মার্চ থেকে দেশটিতে প্রবেশ নিষিদ্ধ হয় বাংলাদেশিদের। এরপর ২৪ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে উভয় দেশ থেকে বন্ধ হয়ে যায় পাসপোর্টযাত্রী পারাপার। এতে ওপারে আটকে থাকা বাংলাদেশিরা দুর্ভোগে পড়েন। পরে দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদেরকে ‘ঘরবন্দি’ দশা থেকে বের হয়ে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে গত শুক্রবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে থাকা ৮১ জন বাংলাদেশি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন।
