পুকুরে ভেসে ওঠে শ্রাবন্তীর মরদেহ
বিবি মরিয়ম আক্তার শ্রাবন্তী- সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৩:০৫
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে নিখোঁজ বিবি মরিয়ম আক্তার শ্রাবন্তী (৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে ৬নং ওয়ার্ড চরগুল্যাখালি গ্রামের মোশারফের বাড়ির পুকুর থেকে শ্রাবন্তীর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহত শ্রাবন্তী ওই মোশারফ হোসেনের মেয়ে ও জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের বড় ভাই সাখওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ঘর থেকে এক পিস কেক হাতে খেতে খেতে বের হয়ে যায় শ্রাবন্তী। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করা হয়। কিন্তু রাত পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির পুকুরে শ্রাবন্তীর মরদেহ ভেসে ওঠে।
শুক্রবার দুপুরের কোন একসময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রাবন্তীর মৃত্যু হয়েছে বলেও তিনি ধারণা করছেন।
কবিরহাট থানার ও.সি মির্জা মোহাম্মদ হাসান জানান, পরিবারের লোকজন এ ঘটনায় থানায় কোন মামলা করতে রাজি না হওয়ায় মরদেহ দুপুরে দাফন করা হয়েছে।
- বিষয় :
- স্কুলছাত্রী
- পুকুরে মরদেহ
