বগুড়ায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:১৬
বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আরও দু’জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মনিরুজ্জামান নামে এক যুবকের অবস্থা গুরুতর।
নিহত সিদ্দিক ওই গ্রামের আবু ইউসুফ আলীর ছেলে। পুলিশ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
গ্রামবাসীরা জানিয়েছেন, মাথাইলচাপড় গ্রামের পশ্চিমপাড়ায় টিপু, সজীব ও বাবু নামে তিনজনের নেতৃত্বে একটি গ্রুপ আছে। অপরদিকে পূর্বপাড়ায় আবু বক্কর সিদ্দিক ও মনিরুজ্জামানের সঙ্গে একদল যুবক ওঠা-বসা করে। পূর্বপাড়ার সিদ্দিক ও মনিরুজ্জামানের গ্রুপের বাদল নামে এক যুবক প্রায়ই পশ্চিমপাড়ায় গিয়ে আড্ডা দেন। যা ওই পাড়ার টিপু, সজীব ও বাবু অপছন্দ করতেন। শনিবার বেলা ১২টার দিকে পূর্বপাড়ার বাদল আবারও পশ্চিমপাড়ায় গেলে ওই প্রতিপক্ষের লোকজন তাকে মারধর শুরু করে।
খবর পেয়ে আবু বক্কর সিদ্দিক ও মনিরুজ্জামানসহ পূর্ব পাড়ার কয়েকজন যুবক তাকে উদ্ধার করতে যায়। এসময় বাদলকে যারা মারধর করছিল তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা আবু বক্কর সিদ্দিক ও মনিরুজ্জামানসহ তাদের অনুসারীদের লাঠি ও রড দিয়ে মারপিট শুরু করে। পরে ধারালো রাম দা দিয়ে তাদের কোপানো হয়। এতে আবু বক্কর সিদ্দিক ও মনিরুজ্জামান মাটিতে লুটিযে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে সিদ্দিকের মৃত্যু হয়।
শাজানপুর থানার ওসি আজিম উদ্দিন জানিয়েছেন, তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
