বগুড়ায় কাঁচাবাজার ও মুদি দোকান বিকেল ৫টায় বন্ধ
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়া জেলাজুড়ে কয়েকটি ক্যাটাগরি ছাড়া সব দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ফয়েজ আহাম্মদ সোমবার বিকেলে এ সংক্রন্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। ওই বিজ্ঞপ্তিটি ‘জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া’ নামে ফেসবুকেও শেয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভব নিয়ন্ত্রণের লক্ষ্যে সব দোকানপাট পবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র সার, বীজ, কীটনাশক, কাঁচা বাজার, মুদির দোকান এবং কৃষি যন্ত্রপাতির দোকান সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকেল ৫টার পর ওষুধের দোকান এবং ডাক্তারের চেম্বার ব্যতিত আর কোনো দোকান খোলা রাখা যাবে না। সরকারি জরুরি সেবাসমূহ এই ঘোষণার বাইরে থাকবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
