‘মায়ের হাসিমুখ দেখেই সব কষ্ট সার্থক’
তিতাস উপজেলার নন্দীরচর গ্রামে স্বজনদের সঙ্গে প্রবাসী ওয়াসিম মুন্সী সমকাল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
মায়ের ইচ্ছে প্রবাসী ছেলে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। মায়ের সেই স্বপ্ন পূরণ করেছেন প্রবাসী ওয়াসিম মুন্সী। পোল্যান্ড থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার নিয়ে পৌঁছে গেছেন গ্রামের বাড়িতে। এই যাত্রায় সঙ্গী হয়েছেন তাঁর মা ও স্ত্রী-সন্তান।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নন্দীরচর গ্রামে পৌঁছান তারা। এ সময় ভিড় করেন উৎসুক জনতা। স্থানীয়দের অভিমত, অর্থের চেয়ে বড় বিষয় হলো আন্তরিকতা। মায়ের ইচ্ছে পূরণে প্রবাসী ওয়াসিম মুন্সীর উদ্যোগ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
জানা গেছে, ২০১১ সালে স্টুডেন্ট ভিসায় পোল্যান্ড যান ওয়াসিম মুন্সী। লেখাপড়া শেষ করে গড়ে তোলেন একটি রেস্তোরাঁ। সেখানে এখন তাঁর ১১টি রেস্তোরাঁ রয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে কাজ করে অন্তত ৪০ জন। ছোট ভাইকেও নিয়ে গেছেন পোল্যান্ডে। মায়ের ইচ্ছে পূরণে শুক্রবার দুপুরে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে পৌঁছান ওয়াসিম। কয়েকদিনের মধ্যেই মাকে নিয়ে ওমরা করতে সপরিবারে সৌদি আরব যাবেন ওয়াসিম মুন্সী।
তাঁর মা জানান, ছেলেকে বলেছিলেন তিনি যখন দেশে আসবেন তখন হেলিকপ্টারে করে যেন গ্রামে আসেন। শুক্রবার সেই ইচ্ছে পূরণ করেছেন তাঁর ছেলে ওয়াসিম মুন্সী। বিমানবন্দর থেকে ছেলের সঙ্গে তিনি, ছেলের বউ এবং দুই নাতি-নাতনি হেলিকপ্টার করে গ্রামে এসেছেন।
ওয়াসিম মুন্সীর ভাষ্য, মায়ের একটি ইচ্ছে পূরণ করতে পেরে ভালো লাগছে। মায়ের হাসিমুখ দেখেই তাঁর সব কষ্ট সার্থক হয়েছে। কয়েকদিনের মধ্যেই মাকে নিয়ে ওমরা করতে সপরিবারে সৌদি আরব যাবেন তিনি।
- বিষয় :
- প্রবাসী
