ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গরিবের ২৮৮ বস্তা চাল কালাবাজারে বিক্রি, আ’লীগ নেতার কারাদণ্ড

গরিবের ২৮৮ বস্তা চাল কালাবাজারে বিক্রি, আ’লীগ নেতার কারাদণ্ড
×

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৯:৪৯ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ১০:০৪

বগুড়ার সারিয়াকান্দিতে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ২৮৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির দায়ে গাজীউল হক গাজী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমাবার দুপুরে উপজেলার কুতুবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ডাদেশ দেন। 

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ওই আদালত পরিচালনা করেন। 


দণ্ডিত গাজীউল হক গাজী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।

সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ্ জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সরকারিভাবে সারাদেশে ডিলার নিয়োগ দেওয়া হয়। সারিয়াকান্দি উপজেলা কুতুবপুরে গাজীউল হক গাজী ডিলার হিসেবে নিয়োগ পান। তিনি হতদরিদ্রদের কাছে বিক্রির জন্য ৫০০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল উত্তোলন করেন। কিন্তু ভুয়া তালিকা তৈরির মাধ্যমে ২৮৮ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেন। বাকি চাল তিনি নিজের গুদামে মজুদ রাখেন। 

শাহান শাহ্ আরও জানান, অভিযোগ পাওয়ার পর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া সোমবার দুপুর ১২টার দিকে ডিলার গাজীউল হক গাজীকে নিয়ে কুতুবপুর বাজারে যান। পরে অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে পুলিশে সোপর্দ ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।


আরও পড়ুন

×