হতদরিদ্রদের চাল কালাবাজারে বিক্রি, আ`লীগ নেতার কারাদণ্ড
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:৩১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ১০:৩২
বগুড়ার সারিয়াকান্দিতে হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি চাল কালোবাজারে বিক্রির দায়ে গাজীউল হক গাজী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে এম মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমাবার দুপুরে উপজেলার কুতুবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া এই দণ্ড দেন।
গাজীউল হক গাজী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।
সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ্ জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সরকারিভাবে সারাদেশে ডিলার নিয়োগ দেওয়া হয়। সারিয়াকান্দি উপজেলা কুতুবপুরে গাজীউল হক গাজীকে ডিলার হিসেবে নিয়োগ পান। তিনি হতদরিদ্রদের কাছে বিক্রির জন্য ৫০০ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল উত্তোলন করেন। কিন্তু ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তিনি ২৮৮ বস্তা চাল কালোবাজারে বিক্রি করেন। বাকি চাল তিনি নিজের গুদামে মজুদ রাখেন।
