করোনা নিয়ে গুজব, নওগাঁয় কলেজ শিক্ষক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক জাকিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাকিরুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, গত ৫ এপ্রিল করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে ইউটিউবের একটি লিংক শেয়ার করেন তিনি। ওই ভিডিওতে দেখানো হয়েছে, লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুয়া ভিডিও’র মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাধারণ মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
