ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

তরুণরাই ‘লকডাউন’করে দিল সাহাপাড়া

তরুণরাই ‘লকডাউন’করে দিল সাহাপাড়া
×

লকডাউন ঘোষণা করে পাড়ার প্রবেশমুখে দেওয়া হয়েছে ব্যারিকেড- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ১১:৫৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২০ | ১১:৫৭

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানারকম কড়াকড়ি আরোপ করেও যখন মানুষকে ঘরে রাখা যাচ্ছে না, তখন উজ্জ্বল ব্যতিক্রম রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি গ্রাম।

সাহাপাড়া নামের গ্রামটিতে এখনও কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হননি। এমনকি আশেপাশের এলাকাতেও আক্রান্ত কেউ নেই। তারপরও গ্রামের মানুষের সুরক্ষার স্বার্থে একদল তরুণ উদ্যোগী হয়ে সবাইকে বুঝিয়ে বন্ধ করে দিয়েছেন তিনটি প্রবেশপথ। রাস্তায় বাঁশের তৈরি ব্যারিকেড দিয়ে ঘোষণা করা হয়েছে 'লকডাউন'।

মিঠাপুকুরের শঠিবাড়ী হরিপুরের সাহাপাড়ায় প্রায় ৩০০ পরিবারের বসবাস। বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন গ্রাম থেকে বেরিয়ে কর্মস্থলে যেতেন ও ফিরে আসতেন। তবে করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি, যানবাহন ও দোকানপাট বন্ধের ফলে এখন বেশিরভাগই বাড়িতে থাকছেন।

অবশ্য অন্যান্য এলাকার কিছু মানুষ সাহাপাড়ার ভেতর দিয়ে তাদের গন্তব্যে যান। এতে তাদের কারও মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ফলে রোববার সন্ধ্যা থেকে সাহাপাড়া লকডাউন করা হয়।

গ্রামটির ভক্তসংঘ সম্প্রদায় নামের একটি সংগঠনের সভাপতি দিলীপ চন্দ্র বর্মণ সমকালকে বলেন, ‘সাহাপাড়ায় প্রবেশের তিনটি পথ আছে। সরদারের মোড়, বটের তলের মোড় ও বাজারের গলি। তিনটি প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো যানবাহন ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। অবশ্য জরুরি প্রয়োজনে হেঁটে চলাচলের সুযোগ রাখা হয়েছে। আর কেউ অসুস্থ হয়ে পড়লে তো ভিন্ন কথা। গ্রামের কেউ যেন করোনা আক্রান্ত না হন সেজন্যই এটা করা হয়েছে। সাময়িক কষ্ট হলেও সবাই এটা মেনে নিয়েছেন।’

গ্রামটির বাসিন্দা ব্যবসায়ী সাধন চন্দ্র বর্মণ জানান, তরুণদের একটি দল পুরো বিষয়টির তত্ত্বাবধান করছে। কেউ যেন নির্দেশনা অমান্য করে গ্রামের বাইরে না যান সে বিষয়ে নজর রাখছেন কয়েকজন। বেশিরভাগ মানুষ নিজে থেকেই সচেতন, অল্প কয়েকজনকে হয়তো বুঝিয়ে বলতে হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জমায়েত না হওয়ার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে গ্রামের সবাই নিরাপদ থাকতে পারবেন বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

×