সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপনির্বাচন
নাটকীয়তায় ওমর ফারুকের জয়
সন্দ্বীপ সংবাদদাতা
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৮:০০
ভোট গ্রহণ শেষে সাড়ে চার ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপনির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় করা হয়। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ১৫ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ওমর ফারুক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী ইব্রাহীম জিল্লু পেয়েছেন ১৩ হাজার ১১০ ভোট। এ ছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করা দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।
চূড়ান্ত ফল ঘোষণার পর উপজেলা কমপ্লেক্স ও এনাম নাহার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন চশমা প্রতীকের সমর্থকরা। সমাবেশে ফলাফল প্রত্যাখ্যান করে ইব্রাহীম জিল্লু বলেন, ‘আমার এজেন্টদের বের করে দিয়ে ভাড়াটিয়া এজেন্টদের স্বাক্ষর নিয়ে প্রথমে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল পেয়েছিলাম, সেখানেও আমি চার হাজার ভোটে এগিয়েছিলাম। ৮৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলেও আমি ১ হাজার ১৫০ ভোটে এগিয়ে থাকার পরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ১৯ জুলাই অনুষ্ঠিত সন্দ্বীপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন। মোট ভোট পড়েছে ৩১ হাজার ৪৭৯টি। যা মোট ভোটের ১৩ দশমিক ১৩ শতাংশ। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জিল্লু।
