রিমান্ড নয়, চট্টগ্রামে বিএনপি কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে হবে কারাফটকে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১৫:১৬
চট্টগ্রামে আওয়ামী লীগের এমপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির ২৫ নেতাকর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব তাদের রিমান্ডের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আসামিরা হলেন– মো. জিহাদ, মো. হাসেম, মোস্তাফিজুর রহমান মামুন, মো. আলী, নুরুল আলম, মো. সোহেল, বাদল মিয়া, মনোয়ার হোসেন মানিক, মো. রুবেল, শাহ আলম, সৈয়দ মাহবুব-ই-খোদা জিতু, জিয়াউর রহমান, নুর মোহাম্মদ কালু, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন মনা, ইসহাক জয়, রাসেল আহাম্মদ, আল-আমিন, মো. ইসমাইল, জসিম উদ্দিন, মো. ফোরকান, শামসুল আলম, মো. দেলোয়ার, মকবুল হোসেন ও মো. শফিক।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান জানান, খুলশী থানার মামলায় ২৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে বুধবার শোভাযাত্রা শেষে ফেরার পথে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়। নগরের খুলশী থানায় করা একটি মামলার বাদী আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম। আরেকটিতে বাদী পুলিশ। এ দুই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ওই ২৫ জনকে গ্রেপ্তার করেছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- আওয়ামী লীগ
- বিএনপি
- কারাফটক
- আদালত
