সোনারগাঁয়ে বিয়ে করে সাসপেন্ড সেই পরিবার পরিকল্পনা পরিদর্শক
ফাইল ছবি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা সংক্রমণের মধ্যে গোপনে বিয়ে করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।
গত বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মঙ্গলবার সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য অধিক জনসমাগম করেন শাহিন কবির। এটি বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি।
শাহিন সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে। করোনা সংক্রমণ রোধে লকডাউন রয়েছে নারায়ণগঞ্জ জেলা। এর মধ্যে মঙ্গলবার পারিবারিকভাবে গোপনে বিয়ে করেন শাহিন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও বলেন, শাহিন কবিরের সাময়িক বরখাস্তের আদেশ ই-মেইলের মাধ্যমে পেয়েছি। আদেশের কপি তাকে দেওয়া হয়েছে।
