ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

হতদরিদ্রের চাল চুরি চলছেই, আরও ৩৫৬ বস্তা জব্দ

হতদরিদ্রের চাল চুরি চলছেই, আরও ৩৫৬ বস্তা জব্দ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ০৯:৩৭

হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া চাল কালোবাজারে বিক্রির সময় দেশের বিভিন্ন স্থান থেকে বৃহস্পতি ও শুক্রবার ৩৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। 

এর মধ্যে বগুড়ার সোনাতলা উপজেলায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চাল কিনে মজুদের অভিযোগে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় কলোবাজারে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা, রংপুরের পীরগঞ্জে ৯০ বস্তা এবং ফরিদপুরের সালথায় ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। 

কিশোরগঞ্জের তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসব ঘটনায় মোট আটক করা হয়েছে ১২ জনকে। 

এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক চাল ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফেনী সদর উপজেলায় ত্রাণের চাল লুট করেছে সন্ত্রাসীরা। 

এ ছাড়া গণপরিবহনে যাত্রীবহন করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৪টি যানবাহনকে সাড়ে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান খোলা রাখায় পিরোজপুরের ইন্দুরকানীতে জরিমানা করা হয়েছে ১৬ জনকে। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বগুড়া :সোনাতলা উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির ৫০ বস্তা চাল কিনে মজুদের অভিযোগে মিঠু মিয়া মণ্ডল (৩৮) নামে স্থানীয় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে নিজ বাড়ি থেকে চালসহ তাকে আটক করা হয়। মিঠু মিয়া মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

জামালপুর :সদর ও মেলান্দহ উপজেলায় কলোবাজারে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চিকারপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ৮৫ বস্তা এবং বৃহস্পতিবার রাতে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের একটি গুদাম থেকে ৩০ বস্তা চাল জব্দ করা হয়।

রংপুর :পীরগঞ্জে ৯০ বস্তা চালসহ তিনজন আটকের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রশিদ বৃহস্পতিবার পীরগঞ্জ থানায় মামলা করেন। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভেন্ডাবাড়ি বড়দরগাহ সড়কের গুর্জিপাড়া কলেজের সামনে থেকে ৯০ বস্তা চাল ভর্তি ট্রলি আটক করে।

কিশোরগঞ্জ : তাড়াইল উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৮৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার মো. মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, ডিলার মোস্তাফিজুর রহমান ৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রির সময় চালসহ দুজনকে আটক করা হয়। রাতে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন থেকে আরও ২৭ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়।

ফরিদপুর : সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে যদুনন্দী ইউনিয়নের গ্রামপুলিশ মুরাদ কাজীর বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় যদুনন্দী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আলীমুজ্জামান নয়নকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং তার লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া গ্রামপুলিশ মুরাদ কাজীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বোয়ালমারী উপজেলা রূপাপাত ইউনিয়নিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ী হরিদাস বণিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি নিম্নমানের মোটা চাল কিনে মেশিনে ছাটাই করে ঝিনাইদহের মজুমদার স্পেশাল মিনিকেট চালের সিল মেরে বাজারজাত করে আসছিলেন।

কুমিল্লা :গরিবের চাল আত্মসাতের অভিযোগে দেবীদ্বার উপজেলার ৩নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সরকারের বড় ভাই আবদুল কুদ্দুস সরকারের ওএমএসের ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। একইসঙ্গে ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ফেনী :ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ডোমরা গ্রামে বৃহস্পতিবার বিকালে ত্রাণের চাল লুটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা মুখে কাপড় বেধেঁ প্রকাশ্যে পিকআপ থেকে চাল লুটে নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরীব, অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সরকারি বরাদ্দের ত্রাণ বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকজন র্দূবৃত্ত এসে পিকআপ ভ্যান থেকে চাল ছিনিয়ে নিয়ে যায়। ত্রাণ বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার উপস্থিত ছিলেন। তিনি বলেন, কারা চাল নিয়ে গেছে তা তিনি জানেন না।


আরও পড়ুন

×