পটিয়ায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সমকাল সুহৃদ সমাবেশ
ছবি: সমকাল
আহমদ উল্লাহ, পটিয়া (চট্টগ্রাম)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ১১:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নার্গিস আকতার (৪৫)। বাড়ি গাইবান্ধা জেলায়। গত ৩১ বছর ধরে পটিয়া পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকার ডা. হাসান শহীদুল আলমের কলোনীর বাসায় ভাড়া থাকেন। গৃহকর্মী হিসেবে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করে তা দিয়ে পরিবারের তিন সদস্য নিয়ে সংসার চালান। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে এখন আর মানুষের বাসায় কাজে যেতে পারছেন না। ফলে উপার্জনও বন্ধ। তার ঘরে রান্না হচ্ছে না গত তিন দিন যাবত। তার ঘরে কোন ধরনের খাবারও নেই।
শুধু নারগিস নই, এই কলোনীতে ১২ পরিবার রয়েছে যারা দিনমজুর, ভ্যানগাড়ি চালক, রিক্সা চালক এবং গৃহকর্মী হিসেবে শ্রম দিয়ে টাকা উপার্জন করেন। এই ১২ পরিবারে রয়েছে ৫০ জন সদস্য।
পটিয়ার সমকাল সুহৃদ সমাবেশ খোঁজ নিয়ে তাদের এ মানবেতর জীবনযাপন সম্পর্কে জানতে পারে। পরে শুক্রবার বিকেলে ওই কলোনীর প্রত্যেক সদস্যসহ পটিয়া পৌর সদরের বিভিন্ন বস্তির দুই শতাধিক মানুষের মুখে সমকাল সুহৃদ সমাবেশ তুলে দেয় নিজেদের হাতে রান্না করা খাবার। এ ছাড়া পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকার লবণ শ্রমিকদেরও রান্না করা খাবার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সমকাল সাংবাদিক আহমদ উল্লাহ, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ডা. সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক নয়ন শর্মা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মিশকাত, তারেক আহমেদ, জগন্নাথ শীল, জান্নাতুল শারিকা প্রমুখ।
সমকাল সুহৃদ সমাবেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। এ অবস্থায় সরকারের পাশাপাশি সমকাল সুহৃদ সমাবেশ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের রান্না করা খাবার সহায়তা সত্যিকারের প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। এমন পরিস্থিতিতে সুহৃদ সমাবেশের এ উদ্যোগ সমাজের মানুষকে আরও উৎসাহ যোগাবে।’
সমকাল সুহৃদ সমাবেশের পটিয়া উপজেলার সভাপতি ডা. সাইফুদ্দিন খালেদ বলেন, ‘আমরা মূলত গৃহকর্মী, দিনমজুর, ভ্যানগাড়ি চালক, রিক্সাচালক যারা কর্মহীন তাদেরকে নিজেরাই রান্না করে খাবার পৌঁছে দিয়েছি। প্রথমবারের মতো আমরা দুইশ' জনের অধিক মানুষের আয়োজন করলেও এ কর্মসূচী অব্যাহত থাকবে। তবে সবাইকে ঘরে থাকতে হবে। নিরাপদে থাকতে হবে।’
