ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাটখিলে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, ১৮ বাড়ি লকডাউন

চাটখিলে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, ১৮ বাড়ি লকডাউন
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নোয়াখালীর চাটখিলে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়বেটিসে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান । ফিরোজা বেগম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারী বাড়ীর মৃত জামাল উদ্দিনের স্ত্রী। মৃতের শরীরের করোনার উপসর্গ থাকা থাকায় মৃতের বাড়িসহ আশেপাশের ১৮ টি বাড়ি লকডাউন করেছে প্রশাসণ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম দীর্ঘদিন যাবত ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর বাড়িতে থেকেই তিনি স্থানীয় কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার সন্ধ্যায়ও তিনি ওই চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন। এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহিদুল আহমদে নয়ন বলেন, রোববার সকালে মৃত ফিরোজা বেগম এবং তার ছেলেমেয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছে।  তিনি জানান, ওই নারীকে চিকিৎসা দেয়া চিকিৎসকেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মৃতের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মৃত ফিরোজা বেগমের বাড়িটি লকডাউন করে প্রশাসণের নজরদারিতে রাখা হয়েছে। লকডাউনকৃত বাড়ির সামনে লাল পতাকা টাঙানো হয়েছে।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, করোনার উপসর্গ নিয়ে এই প্রথম চাটখিলে কারও মৃত্যু হলো। এর আগে উপজেলার ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৭ জনের ফলাফলই নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×