তিন বছর পর মাকে ঘরে নিল ছেলে
ছেলের বাড়িতে সেই বৃদ্ধা মা
ইন্দুরকানী (পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পিরোজপুরের ইন্দুরকানীতে দিনের পর দিন অসুস্থ অবস্থায় ভাঙ্গা কুড়ে ঘরে দিন কাটাচ্ছিলেন শাফিয়া বেগম (৭৫) নামে বৃদ্ধা এক মা। অথচ পাশেই তিনতলা বাড়ি তুলে তার একমাত্র ছেলে স্ত্রী পরিজন নিয়ে থাকছিলেন। তিন বছর ধরে এ অবস্থা চললেও ছেলে মায়ের খোঁজ নেয়নি। আশেপাশের মানুষও এ নিয়ে কোনো কথা বলেননি।
হঠাৎ করে গত শুক্রবার ওই মায়ের কুড়ে ঘরে থাকার করুণ চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন স্থানীয় সংবাদকর্মী আহাদ শিমুল। এরপর সেটি ভাইরাল হলে প্রশাসণের নজর যায় ওই মায়ের দিকে। পরে পিরোজপুরের পুলিশ সুপার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই মায়ের সব দায়িত্ব ছেলেকে নিতে নির্দেশ দেন।
শনিবার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবীবুর রহমান ওই বৃদ্ধ নারীর সন্তান নজরুল ইসলামকে ডেকে তার মাকে নিজ ভবনে রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে ভরণ- পোষণ ও চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। এরপরই ছেলে নজরুল মাকে জড়াজীর্ণ কুড়েঘর থেকে নিজের বাসায় নিয়ে যান। পাশাপাশি মায়ের যত্ন নেয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে মায়ের জমি, টাকা-পয়সা নিয়ে নজরুল তিনতলা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। কিন্তু মাকে ভাঙ্গা কুড়ে ঘরে ফেলে রাখেন।
বৃদ্ধ ওই নারীর ছেলে নজরুল ইসলাম জানান, তার সংসারে অসুবিধা থাকায় তিনি তার বোন সাহিদার কাছে মাকে রেখেছিলেন। তিনি বলেন, মাকে আমার কাছে না রাখা ভুল হয়েছে । এখন থেকে মায়ের সব দায়িত্ব আমি নিয়েছি।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, সামাজিক মাধ্যমের কারণে বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের চোখে পড়ায় তিনি ওই মাকে ঘরে নেয়ার প্রয়োজনীয় নির্দেশ দেন।
