ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় রোববার ওই গৃহবধূর মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনের নামে মামলা করেন। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, স্বামী বিদেশে থাকায় ওই গৃহবধূ সন্তানসহ তাঁর বাবার বাড়িতে থাকেন। নানা প্রয়োজনে তাকে বাজারসহ বিভিন্ন স্থানে যাওয়া-আসা করতে হয়। মাঝেমধ্যে পথে একা পেয়ে তাকে উত্ত্যক্তসহ অনৈতিক প্রস্তাব দিত প্রতিবেশী ফজল হকের ছেলে ছরহাব মিয়া, শহীদুল্লাহর ছেলে আশিক মিয়া, মস্তফার ছেলে হিমেল মিয়া, শেরু মিয়ার ছেলে এনামুল হক ও মনির হোসেনের ছেলে সুজন মিয়া। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় নানাভাবে ভয়ভীতি দেখাত তারা।

এরই একপর্যায়ে ২২ সেপ্টেম্বর রাত ১টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এই সুযোগে ওত পেতে থাকা যুবকরা তার ঘরে প্রবেশ করে। ঘরে ফিরে তাদের দেখে চিৎকার দেওয়ার চেষ্টা করলে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা।

এ সময় তারা ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং সেই দৃশ্যের ভিডিও করে। ঘটনার কথা প্রকাশ করলে সেই ভিডিও ছড়িয়ে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়। তারা চলে গেলে পরিবারের লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

ওসি ইমদাদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই মূল অভিযুক্ত ছরহাবকে গ্রেপ্তার করা হয়েছে। সে বন্ধুদের নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

×