মিরসরাইয়ে করোনা রোগী শনাক্ত, দুই বাড়ি লকডাউন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের মিরসরাইয়ে এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটা মিরসরাইয়ে করোনা আক্রান্ত প্রথম রোগী। বর্তমানে ওই নারী চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকালে উপজেলা প্রশাসন খইয়াছাড়া ইউনিয়নের ওই নারীর বাড়ি ও ওই নারীকে হাসপতালে নেওয়া গাড়ির ড্রাইভারের বাড়ি লকডাউন করে দিয়েছে।
ওই নারীর দেবর জানান, কয়েকদিন ধরে গলা ব্যথা, কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলে গত বুধবার তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে তাকে হাসপাতাল থেকে জানানো হয় তার ভাবী করোনায় আক্রান্ত।
মিরসরাই থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার গভীর রাতে করোনা আক্রান্ত রোগীর বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়। এরপর করোনা আক্রান্ত রোগী ও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গাড়ির ড্রাইভারের বাড়ি লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) অমিত দে জানান, করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকা আটজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
