করোনার উপসর্গ নিয়ে গাইবান্ধায় দুইজনের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে গাইবান্ধায় দুইজন মারা গেছেন।
রোববার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নারায়ণগঞ্জফেরত এক শ্রমিক এবং গিদারী ইউনিয়নে এক কৃষকের মৃত্যু হয়।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, একটি বিশেষায়িত টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে লাশ দাফন করেছে।
এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বড় বড় শহর থেকে আসা মানুষের ঢল থামাতে পারছে না প্রশাসন। নৌপথসহ বিভিন্নভাবে গাইবান্ধায় ফিরছেন তারা। বর্তমানে গাইবান্ধায় মোট ১ হাজার ৮৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
