বরিশালে ত্রাণের দাবিতে আবারও বিক্ষোভ
রোববার শহরের পশ্চিম কাউনিয়ায় ত্রাণের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কয়েকশ' নারী-পুরুষ। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় ত্রাণের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কয়েকশ' নারী-পুরুষ। রোববার দুপুরে ওই এলাকার লাকুটিয়া সড়কে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেন তারা।
কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ত্রাণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বাড়িতে ফিরে যান। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাসা নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা বিএনপি করেন এমন অভিযোগে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, একমাস ধরে তারা কর্মহীন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস প্রায় ২০ দিন আগে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছেন। ওয়ার্ডের কয়েকটি এলাকায় ত্রাণ দেওয়া হলেও পশ্চিম কাউনিয়ার হতদরিদ্র মানুষেরা এখনও ত্রাণ পাননি।
অভিযোগ প্রসঙ্গে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন চৌধুরী জানান, সিটি করপোরেশনের উদ্যেগে নগরীর ৪০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ১ নম্বর ওয়ার্ডে যারা এখনও ত্রাণ পাননি তাদেরও দেওয়া হবে।
এর আগে গত বুধবারও ত্রাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল হতদরিদ্র মানুষেরা। তখন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বলেছিলেন, এক নম্বর ওয়ার্ডে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। যে পরিমাণ ত্রাণ এসেছে তা দিয়ে সবাইকে দেওয়া যায়নি। আরও ত্রাণ আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
