চট্টগ্রামে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ও জেনারেল হাসপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মুরগির ফার্ম গেট এলাকার এবং অপরজন বাকলিয়ার বলিরহাট এলাকার বাসিন্দা।
বিআইটিআইডি'র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী জানান, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তিনি সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর নমুনা সংগ্রহ করা হয়। তিনি করোনায় আক্রান্ত কি-না পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসিম কুমার নাথ বলেন, 'করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যায় নগরীর বাকলিয়ার বলিরহাট এলাকার এক চা দোকানি হাসপাতালে ভর্তি হন। পরে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার লাশ আমাদের হেফাজতে রাখা হয়েছে। রিপোর্ট আসার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।'
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণে মারা গেছে পাঁচজন।
