ফরিদপুরে করোনা শনাক্ত পরীক্ষা শুরু সোমবার থেকে
ফরিদপুর মেডিকেল কলেজ- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরে সোমবার থেকে শুরু হচ্ছে করোনা শনাক্ত পরীক্ষা। ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ তলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু করা হবে। আপাতত ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশেপাশের অন্য কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এরইমধ্যে ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কীট পাঠানো হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের এ ল্যাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ ডা. এসএম খবিরুল ইসলাম। এ ছাড়া ল্যাব পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন- কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াদুদ মিয়া এবং বায়ো কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কাদের।
কলেজের অধ্যক্ষ ডা. এসএম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা এখানে শুরুতে পরীক্ষা করা হবে। পরে আশেপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে।
