মাদারীপুরে লকডাউনের একমাসেও ফেরেনি স্বস্তি
প্রতীকী ছবি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:৫১
করোনাভাইরাসের কারণে দেশে প্রথম লকডাউন হয় মাদারীপুরের শিবচর উপজেলা। এই লকডাউনের এক মাস পূর্ণ হয়েছে রোববার। গত ১৯ মার্চ শিবচরকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। দীর্ঘ এক মাসে শিবচর পৌর এলাকায় লকডাউনের সরকারি বিধান মানা হলেও গ্রামাঞ্চলে উদাসীনতা দেখা গেছে। ফলে দিন দিন বেড়েই চলছে মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সুস্থ হওয়া ব্যক্তিরা ফের করোনায় আক্রান্ত হওয়ায় কমেনি উৎকণ্ঠা। এ পর্যন্ত জেলায় ২৫ জন করোনায় পজিটিভ হয়েছেন।
জানা গেছে, সরকারি হিসাবে শিবচর উপজেলায় প্রথম দিকে ১০ জন আক্রান্ত হন। পরে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরা ৫ জন পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। সিভিল সার্জনের দাবি, কোয়ারেন্টাইনের বিধিবিধিন অমান্য করায় তাদের এই পরিণতি। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হলেও অনেকে তা মানছেন না।
অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচরে গত ১৮ মার্চ এক ইতালি প্রবাসী ও তার পরিবারের ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এ ঘটনায় পরের দিন প্রশাসন শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করে। সেসঙ্গে ওই পরিবারের সবাইকে আইসোলেশনে নেওয়া হয়। এরই মধ্যে ওই পরিবারের একজন মারা যান। বাকি ৮ জনকে ৫ এপ্রিল রিলিজ দেওয়া হয়। কিন্তু ১২ এপ্রিল পুনরায় তাদের মধ্য থেকে ৫ জনের করোনা উপসর্গ দেখা যায়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হলে ৫ জনের করোনা পজিটিভ হয়। পরে তাদের ১৪ এপ্রিল আইসোলেশনে নেওয়া হয়। সেইসঙ্গে তাদের সংস্পর্শে আসা ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ঘটনাটি জানাজানি হলে জেলাজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শিবচর উপজেলা লকডাউনের এক মাস পূরণ হলো। মাসজুড়েই অভাব-অনটন আর উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়েছেন উপজেলার সাধারণ মানুষ। তবে শহরের মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের মধ্যে অসচেতনতা দেখা গেছে।
ক্ষোভের সঙ্গে মাদারীপুরের সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, 'আইসোলেশন থেকে মুক্ত হওয়ার পর হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ইতালি প্রবাসী ওই পরিবারের ৫ জন পুনরায় আক্রান্ত হয়েছেন। এতে আমাদের কিছুই করার নেই। ঘরে ঘরে গিয়ে চিকিৎসকরা পাহারা দিতে পারবেন না, যদি ব্যক্তিপর্যায়ে সচেতনতা বৃদ্ধি না পায়। আইসোলেশন থেকে ছাড়া পেয়ে ফের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা দেশের এটাই প্রথম। তাই সবাইকে সচেতন হতে হবে। শহরের মানুষ হোম কোয়ারেন্টাইন মানলেও গ্রামের মানুষ মানছে না। এতে উদ্বেগ্নের বিষয়।
শুধু শিবচরই নয়, জেলার কালকিনি ও রাজৈর উপজেলাকেও লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বারবারই সাধারণ মানুষকে তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জেলা প্রশাসক সবাইকে কঠোর বার্তা দেন। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, 'ইতোমধ্যে পুরো জেলাকে লকডাউন করা হয়েছে। সবাইকে লকডাউন আইন মান্য করতে অনুরোধ জানিয়েছি। যদি কেউ সকাল ৬টা থেকে ১১টার মধ্যে নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করতে না পারে তাহলে আমাদের কিছুই করার নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোর হতে বলা হয়েছে। আমরা চাই, সবাই সচেতনভাবে নিরাপদে থাকুন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরের শিবচর উপজেলায় বর্তমানে ১৭ জন, সদরে ৫ জন, রাজৈরে ২ ও কালকিনি উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন আইসোলেশনে রয়েছেন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১ হাজার ৪৮১ জন, রিলিজ পেয়েছেন ১ হাজার ৩৮৮ জন এবং বর্তমানে আছেন ৯৩ জন।
