রাজৈরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় জামিন পাওয়া আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার শ্যামলীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত আসামি প্রসেন বসুর (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
গত বুধবার বিকেলে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ওই মামলার নিহত প্রসেন একই গ্রামের সতিশ বসুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বছরের ২৫ জানুয়ারি রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সাবেক মেম্বর যুধিষ্ঠির বসু খুন হন। এই খুনের মামলার আসামিদের মধ্যে বেশ কয়েকজন প্রায় এক বছর আগে জামিন পেয়েও বাদীপক্ষের হুমকির মুখে বাড়িতে আসতে না পেরে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বুধবার বাড়িতে আসলে নিরোধ বসুর নেতৃত্বে বাদীপক্ষের লোকজন প্রসেনের উপর পরিকল্পিতভাবে হামলা করে।
এ হামলায় প্রসেন বসু (৩২), মিহির বসু (২২), সতিশ বসু (৬৫) ও সজু বসু (২০) মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রসেন ও মিহিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রসেনের অবস্থার আরো অবনতি হলে ঢাকার শ্যামলী প্রমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রসেনের মৃত্যু হয়। আহত মিহির বসুর অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে নিরোধ বসুসহ ১৬ জন নামীয় ও আরো অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত বছর মেম্বর যুধিষ্ঠির বসু খুনের মামলায় বর্তমানে খুন হওয়া প্রসেন বসুসহ ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছিল।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
