জমানো টাকাসহ শিশুর মাটির ব্যাংক ত্রাণ তহবিলে
রোববার বিকেলে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে জমানো টাকাসহ মাটির ব্যাংক তুলে দেয় শিশু রাফসান আরাফাত। ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে কর্মহীনদের সহায়তায় রাজশাহী সিটি মেয়রের হাতে জমানো টাকাসহ মাটির ব্যাংক তুলে দিয়েছে এক শিশু। রাফসান আরাফাত নামে ওই শিশু নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রামচন্দ্রপুরের আরাফাত রুবেল ও আলিয়া রুপি দম্পতির সন্তান। স্কুলছাত্রের এমন উদ্যোগে অভিভূত হয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার বিকেলে বাবাকে সঙ্গে নিয়ে নগর ভবনে যায় রাফসান। অসহায় মানুষের সহযোগিতায় ত্রাণ তহবিলে মাটির ব্যাংকটি তুলে দেয় সে। স্কুলছাত্রের এই কাজ হৃদয় ছুঁয়ে যায় মেয়রের, তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তিনি। মেয়র মাটির ব্যাংকটি নিজের টেবিলে রেখে দেন।
রাফসান জানায়, সে দুই বছর ধরে তার মাটির ব্যাংকে টাকা জমায়। বাবা-মা, নানা-নানি, খালাসহ অন্য আত্মীয়রা বিভিন্ন দিবস ও ঈদ উপলক্ষে যে উপহার দেন, তা থেকে সে কিছু টাকা মাটির ব্যাংকে জমা রাখে। বর্তমান পরিস্থিতিতে গরিব মানুষ খাবার পাচ্ছে না- টিভিতে এমন খবর দেখে সে এই উদ্যোগ নেয়।
শিশুটির বাবা রুবেল বলেন, মেয়র অসহায়দের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টি আমরা পরিবারে আলোচনাকালে রাফসান তার মাটির ব্যাংকে জমানো আনুমানিক সাড়ে তিন থেকে চার হাজার টাকা দিতে চায়। ছেলের উৎসাহে তাকে নিয়েই নগর ভবনে যাই। মেয়র বলেন, এটি মানবিকতার বিরল দৃষ্টান্ত ও বার্তা। সবাই এই শিশুটির মতো এগিয়ে এলে এ দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না।
