ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ফোন করলেই রোগীর বাড়িতে হাজির ডাক্তার

ফোন করলেই রোগীর বাড়িতে হাজির ডাক্তার
×

ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসকরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সারাদেশে সাধারণ রোগীদের মধ্যে যখন চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে সে সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভিন্ন চিত্র দেখা গেছে। চিকিৎসা নিতে ডাক্তারের কাছে রোগী নয় বরং সেবা নিয়ে রোগীদের বড়িতে বাড়িতে যাচ্ছেন ডাক্তার। মিলছে বিনামূল্যে ওষুধও। আর এজন্য দরকার শুধু একটি ফোনকল। 

দুর্যোগের সময় এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সারওয়ার জাহান বাদশাহর উদ্যোগে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রম শুরু করেছে। 

দৌলতপুর হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তারের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ চিকিৎসা টিম আপদকালীন এ সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য কয়েকটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। 

গ্রামের স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মাঝে এসব নম্বর দেওয়া হয়েছে। রোগীরা তাদের সমস্যা নিয়ে ওই নম্বরে ফোন করলেই ওই টিমের ডাক্তাররা রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। উপজেলার ১৪ ইউনিয়নেই এ সেবা দেওয়া হচ্ছে। 

উপজেলার মথুরাপুর শেখপাড়া গ্রামের বিপুল জানান, অসুস্থ হলে তিনি ওই নম্বরে কল করেন। কল পেয়েই ভ্রাম্যমাণ চিকিৎকের টিম তার বাড়ি উপস্থিত হয়ে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়। 

দৌলতপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামসুল আরেফিন জানান, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবায় ২২ জন্য চিকিৎসক নিয়োজিত রয়েছেন। ফোন পেলেই তারা ছুটে যাচ্ছেন রোগীর বাড়িতে। রাতদিন ২৪ ঘণ্টাই এ সেবা দেওয়া হচ্ছে। করোনা উপসর্গ আছে এমন রোগীর খবর পেলেও বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। 

দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সারওয়ার জাহান বাদশাহ বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। তাছাড়া উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের যাওয়া-আসার ফলে তাদের মধ্যে করোনায় আক্রান্তের আশঙ্কা থাকে। তাই সবাইকে ঘরে থাকার উপদেশ দেওয়ার পাশাপাশি তাদের ঘরেই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিকে হাসপাতালে নেওয়া আবশ্যক রোগীদের পরিবহনের জন্য পাঁচটি যানবাহন ব্যবস্থা করেছে ‘ভয়েজ অফ ফিলিপনগর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মহামারী চলাকালীন বিনামূল্যে রোগীদের জন্য সংগঠনটি এ সেবা দেবে।

আরও পড়ুন

×