ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ: ইউপি সদস্যের হামলায় প্রাণ গেল বাবার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ: ইউপি সদস্যের হামলায় প্রাণ গেল বাবার
×

শুক্রবারের হামলায় আহত আমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইউপি সদস্য ও তার লোকজনের হামলায় প্রাণ গেছে এক বাবার। মারধরে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা যান ওই ব্যক্তি। কুমিল্লার লালমাই উপজেলার ইছাপুরা গ্রামে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ওই গ্রামের কৃষক আমান উল্যাহর স্কুলশিক্ষার্থী মেয়েকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল কাঠমিস্ত্রি সোহরাব। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন মজুমদারের ছোট ভাই। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোহরাব কৃষক আমান উল্যাহর বাড়িতে গিয়ে তার মেয়েকে ডাকাডাকি শুরু করে। এ সময় আমান ও তার ছেলেরা চোর চোর বলে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। খুঁজতে গিয়ে সবাই দেখে উত্ত্যক্তকারী সোহরাব বাড়ির পাশের ধানক্ষেতে শুয়ে আছে। এ সময় তাকে ধরে মারধর করেন স্থানীয়রা। এ খবর পেয়ে সোহরাবের ভাই দেলোয়ারের নেতৃত্বে ১০-১২ জন রাত সাড়ে ১২টার দিকে আমানের বাড়িতে হামলা করে।

পরদিন দুপুরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানান আমান। গ্রামবাসীকে জানানোয় দেলোয়ারের নেতৃত্বে তার ভাইয়েরাসহ কয়েকজন আমানকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ঘর থেকে বের করার সময় আমানকে শূন্যে তুলে মাটিতে আছাড় দেয় দেলোয়ার। এরপর সবাই মিলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করার পর ইছাপুরা গ্রামের শহীদের বাড়ি সংলগ্ন সড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আমান উল্যাহর ছেলে আনোয়ার হোসেন শুক্রবার ইউপি সদস্য দেলোয়ারসহ এজাহারভুক্ত চারজন ও অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে লালমাই থানায় মামলা করেন। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রামের ফজর আলীর ছেলে তোফাজ্জল ও আজগর আলীর ছেলে রবিউলকে আটক করে। নিহতের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল জলিল জানান, বেশ কিছুদিন ধরে সোহরাব তার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় তার বাবাকে খুন করা হয়েছে। জড়িতদের ফাঁসি দাবি করেন তিনি।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, কৃষক আমানের মৃত্যুর খবর পেয়ে আমরা শাহবাগ থানার মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করি। দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযুক্তের জন্য আদালতে প্রতিবেদন পাঠাই। ইউপি সদস্য দেলোয়ারসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও পড়ুন

×