সিলেট থেকে ঢাকা ফিরেছে সেই ট্রেন, ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:৫০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ১১:১৫
লকডাউন ভেঙে সিলেটে যাওয়া ট্রেনটি ঢাকায় ফিরেছে। রোববার সকাল সোয়া ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।
ট্রেনে ১৮ জন স্টাফ থাকলেও কোনো যাত্রী ছিল না উল্লেখ করে তিনি বলেন, ঢাকা যাওয়ার পথে ট্রেনটি কোথাও থামবে না। শুধু আখাউড়ায় ইঞ্জিন ঘোরানোর জন্য থামানো হবে। তবে সেখানেও কোনো যাত্রী ওঠানামা করবে না বলে তিনি জানান।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে দুটি বগিসহ ট্রেনটি সিলেটে পৌঁছালে তোলপাড় শুরু হয়। এই ট্রেনে করে রেলওয়ের স্টাফদের বেতনের টাকা পরিবহন করা হয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার দাবি করেন। তিনি অস্বীকার করলেও ওই ট্রেনে করে শতাধিক যাত্রীও সিলেটে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শনিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অন্তত ৫৪ জনের ট্রেন থেকে নামার বিষয়ে নিশ্চিত হন।
এ ঘটনায় সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট ২৪ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি জানান, নিয়ম ভেঙে ট্রেনে যাত্রী পরিবহন নিয়ে স্টেশন ম্যানেজারসহ সংশ্নিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক আনিসুর রহমান ট্রেনে আগতদের নিরাপত্তার স্বার্থে তাদের কোয়ারেন্টাইনে রাখার কথা বলেছিলেন। কিন্তু শনিবার বিকেল পর্যন্ত সেই যাত্রীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
