ইয়াবা সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা
কক্সবাজার অফিস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১০:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ছৈয়দ আলম ওরফে বিডিআর ছৈয়দ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার ছেলে মানিকুর রহমান জুয়েল গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর ইউসুলুরঘোনার পার্শ্ববর্তী মধুহাইয়ার ঘোনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় মো. হোসেনের ছেলে আলমগীর, তার শ্যালক জলিল, ফরিদের ছেলে জাহাঙ্গীর মিলে ছৈয়দ আলম ও তার ছেলে জুয়েলকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে ও বোন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনাস্থল পরিদর্শন করা এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারী আলমগীর ও অন্যরা ছৈয়দ আলমের ভাইয়ের বাড়িতে ভাড়া থাকেন। ইয়াবা বহন ও সেবনে কয়েকবার তাদের বাধা দেন আলম।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবীর জানান, ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
