ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে করোনায় ২ মৃত্যু, উপসর্গে আরও ২

নারায়ণগঞ্জে করোনায় ২ মৃত্যু, উপসর্গে আরও ২
×

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১১:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক সিপিবি নেতাসহ দুইজন মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুইজন।

মৃত্যুবরণকারীরা হলেন, নগরের দেওভোগ আখড়া দীঘিরপাড় এলাকার বাসিন্দা সিপিবি নেতা বিকাশ সাহা (৫৫), নগরের আমলাপাড়া এলাকার বাসিন্দা ইউনানী ও আয়ূর্বেদীক চিকিৎসক ডা. কৈলাশ বণিক (৫৮), নগরের খানপুর এলাকার বাসিন্দা শাকিল ভূঁইয়া (৪৮) এবং বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকার বাসিন্দা মমতাজ সালাম ওরফে বেবী (৬০)। এদের মধ্যে সিপিবি নেতা বিকাশ সাহা গত শনিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ও মমতাজ সালাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. কৈলাশ ও শাকিল ভূঁইয়া করোনা উপসর্গ নিয়ে নিজ নিজ বাড়িতে মারা যান।

সিপিবি নেতা বিকাশ সাহার ছেলে অণির্বান সাহা অভিযোগ করে বলেন, চিকিৎসা না পেয়ে তার বাবার মৃত্যু হয়েছে। কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলেও তাকে কোন ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। রোববার সকালে তিনি বিনা চিকিৎসায় সেখানে মারা যান। তিনি নাসিকের ১৪ নম্বর ওয়ার্ড সিপিবির সাধারণ সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩০ শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা কেন্দ্র সাজেদা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওবায়দুল্লাহ বলেন, ৪-৫ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত  মমতাজ সালাম আমাদের হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার একপর্যায়ে ওনার অবস্থার অবণতি হলে হাসপাতালের আইসিওতে তাকে রাখা হয়। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নগরের আমলপাড়া এলাকার আরকে গুপ্ত রোডের বাড়িতে রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান ডা. কৈলাশ বণিক। গত কয়েকদিন যাবৎ তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তার কোন ছেলে না থাকায় পরিবারটির অনুরোধে তিনি ও তার স্বেচ্ছাসেবীরা তার সৎকার করেন।

এদিকে নাসিকের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, রোববার সকালে নগরের খানপুর আজিম ভিলার নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান শাকিল ভূঁইয়া। তিনি ঐতিহ্যবাহি মহসিন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

×