বাসা না ছাড়লে পুড়িয়ে মারার হুমকি
করোনা আক্রান্ত ব্যক্তি লক্ষ্মীপুর থেকে পালিয়ে কুমিল্লায়
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১১:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাসা না ছাড়লে পুড়িয়ে মারা হবে- বাড়ির মালিকের এমন হুমকি ও চাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে পালিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে এসেছেন করোনা আক্রান্ত এক ব্যক্তি। বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের হস্তক্ষেপে গত শনিবার রাতে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলার আইসোলেশন সেন্টারে পাঠায় স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ওই ব্যক্তি কপবাজারের একটি ব্যাগের কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়ায় ভাড়া বাসায় থাকেন তার স্ত্রী-সন্তান। কপবাজার জেলা লকডাউন ঘোষণার পর গত ১২ এপ্রিল তিনি রামগঞ্জের ভাড়া বাসায় চলে আসেন। এ অবস্থায় তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ১৬ এপ্রিল ফল পজিটিভ আসে। এরপর স্থানীয় উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন করে দেয়।
ওই ব্যক্তি জানান, এরপর বাসা ছাড়ার জন্য তাকে চাপ দেয় বাড়ির মালিক। না ছাড়লে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় সে। এতে তিনি নিরুপায় হয়ে শনিবার বাড়ি থেকে বের হয়ে একটি চালের ট্রাকে করে কুমিল্লার লাকসামে আসেন। সেখান থেকে হেঁটে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে পৌঁছান।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ওই ব্যক্তির মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়ায় সে ব্যবস্থা নেওয়া হয়।
নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার জানান, রেলস্টেশনে গিয়ে তাকে উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানান, করোনা আক্রান্ত ওই রোগীকে গোহারুয়া ২০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেপের আইসোলেশন সেন্টারে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
