খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
সাপের খেলা দেখাচ্ছেন সুন্দর আলী -সমকাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৫:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবলে সুন্দর আলী (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিৎ রায়। সাপুড়ে সুন্দর আলী উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সন্দুর আলী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন হাট-বাজারে সাপের খেলা দেখিয়ে তাবিজ-কবজ বিক্রি করে সংসার চালাতের। রোববার বিকালে নাসিরনগর সরকারি কলেজ মাঠে একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটিকে ধরতে খবর দেয় সুন্দর আলীকে। তিনি সেখানে গিয়ে সাপটিকে ধরে একটি বস্তায় তুলে নেন। পরে কলেজ মাঠে স্থানীয়দের খেলা দেখাতে সাপটি বস্তা থেকে বের করেন। সাপটি বস্তা থেকে বের হয়েই ছোবল দেয় সুন্দর আলীকে। এ সময় স্থানীয়রা সাপুড়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে ভ্যাকসিন না থাকায় জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাপুড়ের।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বলেন, সাপের ছোবলে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
