নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৩:১৩
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ও সোমবার সকালে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
দুই ছাত্র হলো সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম (১৭)। এদের মধ্যে সিফাত উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম মান্নানের ছেলে এবং ওয়াসিম লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। দু’জনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
এর আগে শনিবার সিংগাইরের সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে দুই ছাত্র নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কমিটির উদ্যোগে কালীগঙ্গা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে যায় সিফাত, ওয়াসিমসহ তাদের ২০-২৫ জন বন্ধু। এ সময় একটি ট্রলারের ধাক্কায় সিফাতদের ট্রলারটি ডুবে যায়। এতে ৭-৮ জন নিখোঁজ হয়।
খোঁজাখুঁজি করে বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও দু’জন নিখোঁজ থাকে। পরদিন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের মরদেহ উদ্ধার করে। এরপর আজ সকালে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্বজনেরা সারাদিন কালীগঙ্গা নদীতে অনেক অনুসন্ধান চালালেও সিফাতের খোঁজ মেলেনি। রাত ৮টার দিকে ডুবুরি দল অভিযান শেষ করে। আজ সকাল ৭টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) বানবেন্দ্র বালো জানান, নৌকাডুবিতে দু’জনের মৃত্যুর ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- স্কুলছাত্র
- মরদেহ উদ্ধার
- নৌকাবাইচ
- নিখোঁজ
- ঢাকা
- মানিকগঞ্জ
