সোনাগাজীতে প্রথম করোনা রোগী শনাক্ত
সোনাগাজী(ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ১২:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফেনীর সোনাগাজী পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের উত্তর চরছান্দিয়া গ্রামে আবচার উদ্দিন সোহাগ নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে কোভিড-১৯ করোনাভাইরাস ধরা পড়ে।
তার বাড়ি চরছান্দিয়া ইউনিয়নের নবী উল্যার বেড়িবাঁধ এলাকায় হলেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন পৌর এলাকার সোনাগাজী-ওলামবাজার সড়কের পাশে ওবারসিয়ার বাড়ির সামনে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আক্রান্ত ব্যক্তি সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টের সোনাগাজী ক্লিনিকের স্যাম্বল কালেকশন করতেন। গত কয়েক দিন ধরে অসুস্থ বোধ করলে ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্ত ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবার ফেনী ট্রমা সেন্টারে আনা হবে। মেখানে আইসোলেশনে রেখে বিশেষজ্ঞ চিবিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হবে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, আক্রান্ত ব্যক্তি যে বাড়িতে বসবাস করতেন সেটি রাতেই লকডাউন করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয় জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। ১৬ এপ্রিল পাঠানো ৯টি নমুনা সোমবার পরীক্ষা হয় । একটির রিপোর্ট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ আসে। এ পর্যন্ত ফেনী জেলায় পজিটিভ রোগী ২টি। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪২টি।
