ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে করোনায় প্রথম মৃত্যু

সোনারগাঁয়ে করোনায় প্রথম মৃত্যু
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ২৩:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহিম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

শনিবার দিবাগত রাতে নিজ বাসায় তিনি মারা যান। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার রূপচান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

তিনি শহরের হাজীগঞ্জ এলাকার রাসেল নিট অ্যান্ড ডাইংয়ে কাজ করতেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে প্রথম আব্দুর রহিম মারা গেলেন। 

তিনি গত শনিবার জেলা সদরে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওইদিন রাতেই তিনি মারা যান। সোমবার তার রিপোর্ট আসে। তাতে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর ওই এলাকার প্রায় ১০টি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।    

আব্দুর রহিমের বড় ছেলে নবম শ্রেণীর ছাত্র রবিউল আওয়াল বলেন, তার গত শুক্রবার জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যান। সেখানে তার অবস্থা দেখে করোনা টেস্ট করতে বলেন ডাক্তাররা। টেস্টের জন্য নাম নিবন্ধন করে পরেরদিন বাসা থেকে গিয়ে নমুনা দেন। ওইদিন রাতেই তিনি বাসায় মারা যান। সোমবার জানানো হয় বাবা করোনা আক্রান্ত ছিলেন।

সোনারগাঁর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহিম ভাড়া বাসায় মারা যান। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ এগিয়ে আসেনি। স্থানীয় মেম্বার শিপন সরকারের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মরদেহ দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসে। পরে স্থানীয় মসজিদের ইমামকে ডেকে জানাজার ব্যবস্থা করেন। তিনিসহ পাঁচজন জানাজায় অংশগ্রহণ শেষে দাফন সম্পন্ন করেন।

সোনারগাঁ উপজেলায় সাতজন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেলেন। বাকি ছয়জনের পাঁচজন হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন থাকলেও একজনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।


আরও পড়ুন

×