ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

আদমদীঘিতে আরও একজন করোনায় আক্রান্ত

আদমদীঘিতে আরও একজন করোনায় আক্রান্ত
×

বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০০:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি জেলার আদমদীঘি উপজেলায়। 

করোনায় আক্রান্ত ওই ব্যক্তি পেশায় ট্রাকচালক (২৮) । তিনি উপজেলার সান্তাহার পৌরসভার বাসিন্দা।

এর আগে আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাওইল গ্রামের বাসিন্দা এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হন। ঢাকায় কর্মরত ওই পুলিশ কনস্টেলের নমুনা পরীক্ষার পর গত ১৬ এপ্রিল রাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে করোনা পজিটিভ বলে ঘোষণা দেওয়া হয়। এরপরই প্রশাসনের পক্ষ থেকে পুরো আদমদীঘি উপজেলাকে লকডাউন করা হয়। 

বর্তমানে ওই পুলিশ কনস্টেবল তার স্ত্রীসহ করোনা আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান মঙ্গলবার সকালে জানান, সান্তাহার পৌরসভার সাহেব পাড়ার বাসিন্দা ট্রাকচালক ওই ব্যক্তি নারায়ণগঞ্জে বসবাস করেন। গত ১৪ এপ্রিল রাতে তিনি বাড়ি ফেরেন। গায়ে জ্বর ও কাশি থাকায় ১৫ এপ্রিল সকালে তিনি হাসপাতালে আসেন। তখন তাকে কিছু চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 

ডা. শহীদুল্লাহ্ দেওয়ান বলেন, করোনা উপসর্গ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তিনদিনের মাথায় অর্থাৎ ১৮ এপ্রিল আমরা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দিই। সেখান থেকে আজ রিপোর্ট আসে, ওই ব্যক্তি করোনা পজিটিভ। এখন আমরা তাকে এবং তার স্ত্রীসহ বাড়িতে অবস্থানরত পরিবারের অন্য স্বজনদের অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছি।

সান্তাহার পৌরসভা লকডাউন ঘোষণা করা হবে কিনা এ সম্পর্কে তিনি বলেন, এর আগে গত ১৬ এপ্রিল রাতে যখন আদমদীঘির শাওইলের বাসিন্দা পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হন তখনই পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সান্তাহার পৌরসভা তো আদমদীঘি উপজেলার মধ্যেই। তাই নতুন করে লকডাউন ঘোষণার দরকার নেই। সেটা তো ঘোষণা হয়েই আছে।

আরও পড়ুন

×