গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম
দুর্গাপূজায় ছুটি না বাড়ানোয় সরকারি সহায়তা বর্জন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৪৮
দুর্গাপূজায় সরকারি ছুটি বৃদ্ধি না করার প্রতিবাদে সরকারি সহায়তা গ্রহণ না করে ফেরত দিয়েছে চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম কমিটি।
বৃহস্পতিবার আশ্রমের এক সভায় এ তথ্য জানানো হয়। সভা থেকে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে দু’দিন সরকারি ছুটির দাবি জানানো হয়।
আশ্রম পরিচালনা পর্ষদ সভাপতি শচীন্দ্র লাল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমল চক্রবত্তীর পরিচালনায় বক্তব্য দেন পূজা উদযাপন পর্ষদ সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক রাজু মল্লিকসহ আশ্রম কমিটির নেতারা।
শচীন্দ্র লাল দে সভায় বলেন, আকবরশাহ্ থানাধীন গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের চাল ও প্রশাসনিক সহায়তা গ্রহণ করেনি। দীর্ঘদিন ধরে দুর্গাপূজায় সরকারি ছুটি বৃদ্ধির দাবির প্রতি মনোযোগী না হওয়ার প্রতিবাদে এই সহায়তা ও সহযোগিতা গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, একই দেশে বসবাসকারী এবং একই সংবিধানের অনুগত হওয়া সত্ত্বেও হিন্দু সম্প্রদায় রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি দীর্ঘদিনের।
