‘তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে’
রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন । ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ | ১৭:০৫
নেতাকর্মীদের গ্রেপ্তার, নিপীড়ন-নির্যাতন, তল্লাশির নামে বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। একই সঙ্গে আটক নেতাদের মুক্তির দাবি জানান বিএনপি এ নেতা।
শনিবার সকাল ১১টার দিকে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে।
তিনি আরও জানান, ‘জেলা ও মহানগরে এ পর্যন্ত ৪০টি মামলায় প্রায় ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে না পেলে পুলিশ পরিবারের সদস্যদের নির্যাতন করছে। পরিবারের সদস্যদের আটক করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। পুলিশের রহস্যজনক ভূমিকা পরিহার করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে।’
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
- বিষয় :
- মিজানুর রহমান মিনু
- সংবাদ সম্মেলন
