কিশোরগঞ্জে করোনাকে জয় করেছেন চিকিৎসক ও ইউপি সদস্য
ফাইল ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৯:১৬
কিশোরগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসমুক্ত হয়েছিলেন ইটনা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ। তিনি শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। আজ মঙ্গলবার দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসমুক্ত হয়েছেন একজন চিকিৎসক। তার নাম ডা. আরিফ আহমেদ জনি। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
১৩ এপ্রিল ডা. আরিফ আহমেদ জনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। তিনি ১৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ছিলেন। পর পর দুটি নমুনা পরীক্ষায় ডা. আরিফ আহমেদ জনির কোভিড-১৯ নেগেটিভ আসায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ১২ এপ্রিল ডা. আরিফ আহমেদ জনির নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইপিএইচ এ পাঠানো হয়েছিল। পরদিন রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন তার অবস্থার উন্নতি হওয়ায় তার নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পুনরায় পরীক্ষায় প্রথমবার কোভিড-১৯ নেগেটিভ আসায় আবারও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পর পর দুটি নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৬ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি রয়েছেন।
- বিষয় :
- কোভিড-১৯
- করোনাভাইরাস