অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সরকার: নাসিম
খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৯:৩৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, করোনাভাইরাসের চলমান সংকটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের দুঃখ কষ্ট লাঘবে দেশের এক কোটি মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করছেন। অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে চতুর্থবারের মতো এক ভিডিও বার্তায় তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
ভিডিও বার্তায় করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনগণকে ধৈর্য্য ধরে ঘরে থাকার আহবান জানিয়ে নাসিম বলেন, দেশে সংকটকাল সময়ে সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়ন থেকেও নিজ নির্বাচনী এলাকা কাজিপুরের ১২ ইউনিয়ন, কাজিপুর পৌরসভা এবং সিরাজগঞ্জের ৫ ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণসহ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করা হচ্ছে।
খাদ্য সহায়তা কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দীকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মোহাম্মদ নাসিম
- করোনাভাইরাস