ফোন পেয়ে রিকশাচালকের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির ইউএনও
ত্রাণসামগ্রী বিতরণ- সমকাল
চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১০:৫৯
সরকারি তথ্য সেবা ৩৩৩ নাম্বারে ফোন পেয়ে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী এলাকার এক রিকশাচালকের পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার জেমসিন সুলতানা।
সোমবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশনায় ঐ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপশি ঐ গ্রামের দরিদ্র আরও ৪ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান।
জেসমিন সুলতানা জানান, সরকারের নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন অব্যাহত রয়েছে। মো. রফিক একজন রিকশাচালক, যার একটি পা নেই। করোনার প্রভাবে তিনি এক মাস ধরে বেকার। তার বাড়িতে খাবার সংকট থাকায় জেলা প্রশাসককে ফোন দিয়ে তার কষ্টের কথা জানান। স্যারের নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক রফিকসহ হতদরিদ্র মোট ৫পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
তিনি জানান,জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন করোনার সময় ফরিদপুরের একজন মানুষও না খেয়ে থাকবে না। দিনমজুর, শ্রমিক, রিকশা চালক,ভ্যান চালক ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিবো । আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে, সবার কাছেই আমরা ত্রাণ পৌঁছে দেবো।
- বিষয় :
- রিকশাচালক
- ৩৩৩
- করোনাভাইরাস
- ত্রাণসামগ্রী