নোয়াখালীতে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:০৪
নোয়াখালীর বেগমগঞ্জে আরও এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৬০। তিনি লক্ষ্মীপুরের একটি মাদ্রাসায় অফিস সহায়ক পদে চাকরি করেন। সম্প্রতি তিনি বেগমগঞ্জের বাড়িতে আসার পর তার শরীরে উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইডিআইডি) হাসপাতাল থেকে তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন ৭ জন। নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, ওই ব্যক্তি কয়েকদিন আগে লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের বাড়িতে আসেন। স্থানীয় জন প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল স্বাস্থ্যকর্মী পাঠিয়ে ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নমুনা সংগ্রহ করা হয়। তার সর্দি, জ্বর ও হালকা কাশি ছিল। নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। ওই দিনই তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির উপসর্গ জটিল না হওয়ায় আপাতত তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বুধবার দুপুরে তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ওই বাড়িটি অনেক বড়। বাড়িতে অনেকগুলো পরিবারের বাস। সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, এ নিয়ে নোয়াখালী জেলায় করোনায় আক্রান্ত ৭ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সোনাইমুড়ীতে ২ জন, সেনবাগে ১ জন, সদর উপজেলায় ১ জন, কবির হাট উপজেলায় ১ জন ও বেগমগঞ্জ উপজেলায় ২ জন। এদের মধ্যে সোনাইমুড়ী ও সেনবাগে সর্দি-জ্বর নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়িতে ৩০০ লোকের বসবাস। করোনা সংক্রমণ এড়াতে ওই বাড়িতে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ওই ব্যক্তির বাড়িতে খাবার সরবরাহ করছে পুলিশ।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব