শিবচরে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় চিন্তা
প্রতীকী ছবি
মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:১৯
মাদারীপুর জেলার শিবচরে নতুন করে এক নারী করোনায় আক্রান্ত হওয়ায় স্বস্তির আকাশে যেন কালো মেঘের ছায়া দেখা দিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের প্রথম লকডাউন হওয়া এ উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় এক ধরনের স্বস্তি ছিল এলাকাবাসীর মনে। তবে গত ২২ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নারীর নমুনা করোনা পজেটিভ এসেছে। এ ছাড়া সোমবার রাতে উপজেলার কাঁঠালবাড়ী এলাকার এক নারীর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ মেলায় নতুন শঙ্কা দেখা দিয়েছে।
কাঁঠালবাড়ী ঘাট এলাকার এক কলেজছাত্র বলেন, ‘বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল, শিবচরে কেউ করোনায় আক্রান্ত হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এমনটাই দেখছিলাম এবং তাতে করে একটা স্বস্তি অনুভব করছিলাম। কিন্তু হঠাৎ করেই আবার করোনা শনাক্ত হওয়ায় শঙ্কা রয়েই যাচ্ছে। সবাইকে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলাই উচিত।’
আরেক ব্যক্তি বলেন, ‘শিবচর লকডাউন। করোনা প্রতিরোধে সব সময় বাড়িতেই থাকছি। অতি প্রয়োজন ছাড়া কোথাও যাই না। এর মধ্যে কিছুদিন ধরে নতুন কোনো আক্রান্তের কোন খবর ছিল না। বেশ স্বস্তিতে ছিলাম। ভেবেছিলাম আরো কিছুদিন লকডাউনে থাকলে পরিস্থিতি ভালো হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই আক্রান্তের খবরে স্বস্তি উবে গেছে!’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ প্রশাসন শিবচরের পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১টি গ্রাম ও বহেরাতলা ইউনিয়নের ১টি গ্রামসহ চারটি এলাকাকে লকডাউন ঘোষণা করে। এ এলাকাগুলোতে তখন করোনা রোগী ছিল এবং চারটি এলাকাই ইতালী ফেরত প্রবাসী অধ্যুষিত। মূলত ওই চারটি এলাকা লকডাউনের কারণে পুরো উপজেলাই অবরুদ্ধ হয়ে পড়ে। পরে গত ৬ এপ্রিল সংক্রমণ ঠেকাতে পুরো উপজেলা লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। উপজেলার সাথে অন্যান্য স্থানের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল বাড়তে থাকে।
এরপর গত ১৯ এপ্রিল পুনরায় আক্রান্ত হওয়া ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং এরপর প্রতিদিনই পরীক্ষার জন্য মাদারীপুর থেকে ঢাকায় পাঠানো নমুনার রিপোর্টে শিবচরের কাউকে পজেটিভ পাওয়া যায়নি। এক প্রায় সপ্তাহখানেক পর গত ২৬ ও ২৭ তারিখ পাওয়া রিপোর্টে উপজেলায় নতুন করে আরো দুইজনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে একজনের মারা যাওয়ার তিনদিন পর আরেক নারীর করোনা শনাক্ত হয়।
শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার উপজেলার কুতুবপুরে মারা যাওয়া এক নারীর করোনা পজেটিভ রিপোর্ট এলে ওই গ্রামের ৫০টি পরিবারকে লকডাউন করে রাখা হয়। এছাড়া সোমবার রাতে কাঁঠালবাড়ী এলাকায় আরো এক নারীর করোনা পজেটিভ রিপোর্ট এলে তাদের বাড়িসহ আশপাশের বেশ কিছু বাড়ি লকডাউন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শশাঙ্ক ঘোষ বলেন, ‘সোমবার রাতে পাওয়া রিপোর্টে করোনায় আক্রান্ত ওই নারীকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি কিছুদিন পূর্বে মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে শিবচরে তার বাড়িতে আসেন। আসার পরই তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। গত ২৪ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৭ এপ্রিল রাতে রিপোর্ট পাই, তাতে করোনা পজেটিভ দেখা যায়।’
জেলা সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সবগুলো উপজেলার নমুনা একত্র করে আমরা একদিন পর পর ঢাকায় পাঠাই। সেক্ষেত্রে রিপোর্টও এক-দুই দিন পর পর আসে।’
গত ১৯ মার্চ লকডাউনের পর থেকেই স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে শিবচর দরিদ্র, হতদরিদ্র পরিবার, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
- বিষয় :
- মাদারীপুর
- শিবচর
- করোনায় আক্রান্ত