চোরের স্বভাব কখনও পাল্টায় না!
অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন -সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:০৯
ঘরে খাবার নেই এমন ফোন পেয়ে পুলিশ দশ দিনের খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেয়ার পরেও তিন দিনের মাথায় আবারও চুরি করতে বের হয় এক চোর। তবে এসময় তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বগুড়া শহরের পিটিআই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম তানভির হোসেন (৩৫)। তিনি শহরের সূত্রাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ১২ গোছা চাবি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক তানভির তিনদিন আগে বগুড়া সদর থানার ওসির কাছে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন বলে স্বীকার করেন। ওই দিন রাতেই পুলিশ তার বাড়িতে দশ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেয় বলেও তিনি জানান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, রাত সোয়া ২ টার দিকে হঠাৎ অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে শহরের পিটিআই মোড়ে একটি দোকানে তালা খুলে চুরির চেষ্টা করা হচ্ছে বলে জানান। পরে তিনি বিষয়টি এসআই সোহেল রানা ও এসআই জাহিদকে জানিয়ে সেখানে যেতে বলেন। পরে তারা সেখানে গিয়ে হাতে নাতে চোরকে ধরে ফেলেন।
- বিষয় :
- বগুড়া
- হাতে নাতে গ্রেপ্তার
- চোর