ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সামাজিক দূরত্ব মানতে বলায় সংঘর্ষ, আহত ১২

সামাজিক দূরত্ব মানতে বলায় সংঘর্ষ, আহত ১২
×

সংঘর্ষে আহত একজন- সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:৪৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় মঙ্গলবারের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। মধ্যরাতে আড়াইহাজার থানায় পাল্টা পাল্টি অভিযোগ করেছে দুই পক্ষই। 

আহতদের মধ্যে রফিকুল ইসলাম, তার প্রতিবন্ধী ভাই হারুন অর রশিদ, ভাতিজা আল-আমিন, নাহিদ ও মন্টু নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজিজ, ইব্রাহীম, বিল্লাল, হোসেনসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে বালিয়াপাড়া ইউপি সদস্য আবু সিদ্দিকের বাড়ির পাশের একটি দোকানে একই এলাকার আফজল, আল-আমিন, মন্টু, জুয়েলসহ তাদের বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। এসময় রফিকুল ইসলাম করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললে তারা উত্তেজিত হয়ে পড়েন। 

তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আফজল, আল-আমিন, মন্টু, জুয়েলসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে রফিকুলের বাড়িতে গিয়ে হামলা করেন। এসময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ওই পরিবারের ৮ জন আহত হন। পাল্টা আঘাতে আফজলের পক্ষের মন্টু গুরুতর আহত হন। পরে রাতে আহত রফিকুল ইসলাম ও আফজল বাদী থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলায় আফজল, আল-আমিন, মন্টু, জুয়েলসহ ৪০-৫০ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ি হামলা করে এবং তাদের পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।

আফজল বলেন. বাড়ির পাশে আমরা কয়েকজন মিলে কথা বলছিলাম। এসময় রফিকুল এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় গালিগালাজের প্রতিবাদ করতে গেলে রফিকুলের লোকেরা মন্টু ও আমাকে এবং আমার লোকজনকে মারধর করে। এর জের ধরে আমার স্বজনরা আক্রমণ করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×