লাকসামে একই পরিবারের আরও ৬ জন করোনায় আক্রান্ত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:৫২
কুমিল্লার লাকসামে নতুন করে একই পরিবারের আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। নতুন আক্রান্তরা নোয়াখালীর চৌমুহনীতে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা আক্রান্ত সেই দুই ভাইয়ের পরিবারের সদস্য। আক্রান্তদের মধ্যে তাদের বাবা-মা, দুইজনের স্ত্রী ও বড় ভাইয়ের ছেলে-মেয়ে রয়েছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ তথ্যটি নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল শহরের দক্ষিণ লাকসাম সাহাপাড়ার দুই সহোদরের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারা একসঙ্গে নোয়াখালীর চৌমুহনীতে একটি পেঁয়াজের আড়তে চাকুরি করতেন। সেখান থেকে এক সহকর্মীর মাধ্যমে এক ভাই করোনা আক্রান্ত হলে ১০/১১ দিন আগে তথ্য গোপন করে লাকসামে চলে আসেন। তিনি বাড়িতে আসার কয়েকদিন পর করোনায় আক্রান্ত তাদের সেই সহকর্মী মারা যান।
এরপর ২২ এপ্রিল আরেক ভাইও চৌমুহনী থেকে লাকসামে চলে আসেন। এসময় পরিবারের লোকজন তাকে বাসায় ঢুকতে বাঁধা দিলে তিনি পার্শ্ববর্তী বাড়ি গিয়ে গোসল করে ওই পরিবারের সংস্পর্শে যান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দুই ভাইয়ের বাড়িসহ আশে-পাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেন। পরে ওই দুই ভাইয়ের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। সেখানে দুইজনেরই করোনা শনাক্ত। হয়। পরবর্তীতে লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ দুই পরিবারের ১৩ জন সদস্যর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। বুধবার সকালে তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
- বিষয় :
- লাকসাম
- করোনা আক্রান্ত
- একই পরিবারের সদস্য