মেঘনায় দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:০৫
কুমিল্লার মেঘনা উপজেলার আমিরাবাদে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে ১ নারী নিহত ও ৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে। নিহত রিতা বেগম আমিরাবাদ এলাকার আরশাদের স্ত্রী।
স্থানীয়রা জানান, আরশাদ গংরা সম্প্রতি কুমিল্লা জজকোর্ট থেকে জমিজমা সংক্রান্ত মামলার রায় পেয়ে মঙ্গলবার ওই জমি দখল করতে যায়। এ সময় প্রতিপক্ষ কাশেম গংরা তাদের ওপর হামলা চালালে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায়। এদিকে হামলায় আরশাদ আহত হয়েছেন খবর পেয়ে তার স্ত্রী রিতা বেগম ঘটনাস্থলে গেলে তিনিও প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত রিতা বেগমকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিতা বেগমের ছেলে সোহেল বৃহস্পতিবার মেঘনা থানায় মামলা করেছেন।
মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।